‘মৃত’ ভোটার নিয়ে সরগরম পরিস্থিতি, SIR মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হওয়া ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া (Special Integrated Revision – SIR) নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর পক্ষ থেকে করা এই মামলায় প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়, যেখানে মামলাকারীর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।
কপিল সিব্বল আদালতে অভিযোগ করেন যে, প্রতিটি বুথেই ভুল রয়েছে এবং এই ভুল খুঁজে বের করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী আমার কোনো কিছু প্রমাণ করার দায় নেই। যে আমার নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করবে, প্রমাণের দায়ও তার।” তিনি আরও দাবি করেন যে, ১৯৫০ সালের পর যারা জন্মগ্রহণ করেছেন এবং যাদের জন্ম ১৯৮৭ থেকে ২০০৩ সালের মধ্যে হয়নি, তারা ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের নাগরিক।
নির্বাচন কমিশনের আইনজীবী এই অভিযোগের উত্তরে বলেন, একটি খসড়া তালিকা তৈরি করে নোটিশ দেওয়া হয়েছে। কারো যদি কোনো আপত্তি থাকে, তবে জানালে ত্রুটি সংশোধন করা হবে। এই প্রসঙ্গে কপিল সিব্বল বলেন, নিয়ম অনুযায়ী কোনো চিঠি বা ফর্ম ৪ পাঠানো হয়নি এবং বাড়ি বাড়ি গিয়ে নথিও সংগ্রহ করা হয়নি।
নথি জমা দেওয়ার বিষয়ে কপিল সিব্বল ফর্ম ৫ ও ফর্ম ৬ এর কথা উল্লেখ করেন এবং জানান যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীকে আধার-সহ অন্যান্য নথিপত্র জমা দিতে হয়। তবে সুপ্রিম কোর্ট জানায়, আধার না থাকলে স্ব-স্বাক্ষরিত জন্ম প্রমাণপত্র, জন্মতারিখ এবং স্থায়ী বসবাসের তথ্য দিয়েই কাজ হবে।
আদালত এই বিষয়ে আরও বলেছে যে, সিমকার্ড কেনার জন্যও নথিপত্র প্রয়োজন হয়, তাই এক্ষেত্রে একটি নথিই যথেষ্ট। এই মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা এখনও জানা যায়নি, তবে বিহারের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের এই অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।