NJP-শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা বেহাল, জেনেনিন বিকল্প কোন রুটে যেতে পারবেন?

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি এবং একাধিক ধসের কারণে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে আছে। বুধবার সকালে নতুন করে ঝড়বৃষ্টির ফলে নয়া জাতীয় সড়ক ৭১৭(এ)-এর একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ৭১৭(এ)-এর সেতুর বেহাল দশার কারণে শিলিগুড়ি থেকে সিকিমে যাতায়াতের প্রধান পথগুলো অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে ভারী যানবাহনের জন্য গরুবাথান-লাভা-আলগাড়া-পেডং বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছোট গাড়িগুলো দার্জিলিং থেকে যামুনি হয়ে গরুবাথান এবং ঘুম থেকে পেশক রোড হয়ে তিস্তা বাজারের পথ দিয়ে যাতায়াত করছে।
সিকিমের সঙ্গে দেশের একমাত্র সড়ক যোগাযোগ মাধ্যম হলো ১০ নম্বর জাতীয় সড়ক। ভারত-চিন সীমান্তে কর্তব্যরত সেনা সদস্যদের জন্য খাবার সরবরাহ এবং সিকিমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ক্ষেত্রে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই রাস্তার বেহাল দশার কারণে সিকিমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করা হয়েছে। তবে প্রবল বর্ষণের কারণে কাজ ধীর গতিতে চলছে। দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “১৫ই আগস্টের মধ্যে ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ৭১৭(এ) জাতীয় সড়কেরও মেরামতি শুরু হয়েছে।”
এই প্রাকৃতিক দুর্যোগে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং পর্যটকরা ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সিকিমের অর্থনীতি এবং জনজীবনে মারাত্মক প্রভাব পড়তে পারে।