OMG! বৃষ্টিতে ভাঙল দেওয়াল, মৃত্যু একই বাড়ির ২ দুধের শিশু, শোকে পরিবার

টানা কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ঘরের দেওয়াল ধসে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল দুই শিশু। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকার পাঘালু পাড়ায়। দুই দুধের শিশুর এমন করুণ মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। সেই সময় শিশুরা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। রাতের এক সময় হঠাৎ করেই ঘরের একপাশের দেওয়াল হুড়মুড়িয়ে তাদের ওপর ভেঙে পড়ে। প্রবল আঘাতে গুরুতর জখম হয় দুই শিশু। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
অকালে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর পরিবার। এই মর্মান্তিক ঘটনায় পাড়ার পরিবেশ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে যে, টানা বৃষ্টির ফলে দেওয়ালের ভিত্তি দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে পুরনো ও দুর্বল বাড়িতে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
চলতি বছর রাজ্যে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরনো ও জীর্ণ বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে কলকাতার কাঁকুড়গাছির ঘোষবাগান এলাকার একটি ২০০ বছরের পুরনো বাড়িও ভেঙে পড়েছিল। রাজগঞ্জের এই ঘটনা আবারও প্রমাণ করল যে, ভারী বৃষ্টির সময় পুরনো বাড়ির বাসিন্দাদের জন্য নিরাপত্তা ঝুঁকি কতটা বেড়ে যায়।