মাঠ জুড়ে উড়ছে লাল পতাকা, চাষের জমি দখল করল CPIM! ফের এলাকায় চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে হারানো জমি পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেছে সিপিআইএম। দলের নেতা-কর্মীরা কৃষকদের সঙ্গে নিয়ে জমিতে লাল পতাকা লাগিয়ে এবং ধান পুঁতে জমির দখল ফিরিয়ে আনেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

অপারেশন বর্গা ও জমির পাট্টা
১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রান্তিক কৃষক ও ক্ষেতমজুরদের জমির পাট্টা দেওয়ার জন্য ‘অপারেশন বর্গা’ শুরু করেছিলেন। এর ফলে কৃষকরা জমির মালিক হন এবং উৎপাদিত ফসলের পূর্ণ অধিকার পান। কিন্তু কৃষকদের অভিযোগ, ২০১১ সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ‘জোতদার বাহিনী’ তাদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেয়।

সিপিআইএমের নেতৃত্বে জমি পুনরুদ্ধার
সিপিআইএমের শাখা সংগঠন কৃষক সভার (AIKS) নেতৃত্বে ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের কৃষকরা এই অভিযানে অংশ নেন। তারা দেড় বিঘা জমি, যা ২০১১ সাল থেকে তৃণমূল ঘনিষ্ঠ জোতদারদের দখলে ছিল, তা পুনরায় দখল করে নেন। স্থানীয় খেতমজুর সংগঠনের সম্পাদক মঙ্গল হাঁসলা জানান, প্রায় ১২ বছর ধরে ১৯টি পরিবারকে উচ্ছেদ করে তৃণমূল কংগ্রেস এই জমি টাকার বিনিময়ে অন্য কাউকে চাষ করার জন্য দিয়েছিল।

তৃণমূলকে কটাক্ষ
জমিতে যখন সিপিআইএমের এই পুনর্দখল অভিযান চলছিল, তখন স্থানীয় তৃণমূল নেতারা দূর থেকে দেখলেও কাছে আসার সাহস পাননি বলে কৃষকরা দাবি করেছেন। কৃষকরা আরও বলেন, বাম আমলের পর থেকে যারা তাদের জমি কেড়ে নিয়েছিল, তারা এখন আপস করার চেষ্টা করছে। কৃষকদের এই আন্দোলনে স্থানীয় পাঁচ মৌজার বাসিন্দারাও সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, ‘লাল ঝান্ডার হয়ে লড়াই করে মরবো’।