BigNews: বাংলায় ১২টি রাজনৈতিক দল ‘বাতিল’, বড় সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোট সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে। তারই অংশ হিসেবে, পশ্চিমবঙ্গের ১২টি রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করেছে কমিশন। এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে যে, গত ছয় বছর ধরে এই দলগুলি কোনো নির্বাচনে অংশ নেয়নি, ফলে তাদের রাজনৈতিক অস্তিত্ব কার্যত নেই।
বাতিল হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে আম্বেদকরবাদী পার্টি, গ্লোবাল পিপল পিস পার্টি, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (GNLF), কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, মাই হি ভারত, ন্যাশনাল কনফেডারেশন অফ ইন্ডিয়া, ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি, পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ, রাইট পার্টি অফ ইন্ডিয়া এবং দ্য রিলিজিয়ন অফ ম্যান রিভলভিং পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব হলো, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ১২টি দলের কোনো প্রার্থী ভোটে লড়তে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কমিশনের এই পদক্ষেপ এক ধরনের ‘রাজনৈতিক স্বচ্ছতা অভিযান’, যার লক্ষ্য হলো সক্রিয় এবং কার্যকর দলগুলোকে ভোটের ময়দানে রাখা। এতে করে অপ্রয়োজনীয় দলগুলোর কারণে নির্বাচনী প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়, তা অনেকাংশে কমে আসবে।
অনেকের মতে, এই দলগুলোর অনেক সদস্য এবার বড় দলগুলোতে যোগ দিতে পারেন, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে সামান্য হলেও প্রভাব ফেলবে। বিশেষ করে, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (GNLF)-এর মতো একটি পরিচিত দলের স্বীকৃতি বাতিল হওয়ায় পাহাড়ের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।
বাংলায় ভোটের আবহ শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। এর ফলে একদিকে যেমন সক্রিয় দলগুলোর গুরুত্ব বাড়বে, তেমনি নিষ্ক্রিয় দলগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।