জেলার হল মালিকেরাও…,’ ‘ধূমকেতু’-নিয়ে নতুন সাফল্যের কথা বললেন দেব! জেনেনিন কী ঘটেছে?

অবশেষে দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে বহু আলোচিত ছবি ‘ধূমকেতু’। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবিটি নিয়ে দর্শক মহলে উত্তেজনা এখন তুঙ্গে। ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড সংখ্যক সাড়া পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছবির নির্মাতারা। এই পরিস্থিতিতে, অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় বাংলা ছবির প্রতি সমর্থন জানানোর জন্য রাজ্যের হল মালিকদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্প্রতি বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তার সমাধান করতে উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই চলচ্চিত্র জগতের সকল স্টেকহোল্ডারদের নিয়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘বাংলায় বাংলা ছবিই প্রাধান্য পাবে’। এই সিদ্ধান্তের ফলে ‘ধূমকেতু’-র মতো বহু প্রতীক্ষিত ছবির মুক্তি পাওয়ার পথ আরও প্রশস্ত হয়েছে।

দেবের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ‘ধূমকেতু’র জন্য শুধুমাত্র শহরের হল মালিকরাই নয়, জেলা স্তরের হল মালিকরাও সকালের শো চালাচ্ছেন। এটি বাংলা ছবির জন্য এক নতুন সাফল্যের ইঙ্গিত বলে মনে করছেন তিনি। তিনি তার পোস্টে লিখেছেন, “নো শো শেয়ারিং থেকে আর্লি মর্নিং শোজ- ‘ধূমকেতু’ নিঃসন্দেহে অনেক দূর এগিয়েছে! আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছে, আমাদের এই ছবিকে এত ভালোবাসা দিয়েছে ও বাংলা ছবিকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে!”

২০১৫ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। বিভিন্ন কারণে এতদিন ছবিটি মুক্তি পাচ্ছিল না। এটিই ছিল দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। তাঁদের ভক্তরা দীর্ঘ ১০ বছর ধরে এই ছবির জন্য অপেক্ষা করছিলেন। সম্প্রতি একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব এবং শুভশ্রী একসঙ্গে মঞ্চে আসেন, যা ‘দেশু’ ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও এবং ছবিগুলো রীতিমতো ট্রেন্ডিং।

উল্লেখ্য, দেব এবং শুভশ্রী প্রথম জুটি বাঁধেন ২০০৯ সালের হিট ছবি ‘চ্যালেঞ্জ’-এ। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ এবং ‘খোকাবাবু’-র মতো বাণিজ্যিক সফল ছবিতেও তারা একসঙ্গে কাজ করেন। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একসময় ব্যাপক গুঞ্জন ছিল। তবে তারা দুজনেই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিতেন। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষিত ‘ধূমকেতু’ ছবিটি বক্স অফিসে কতটা সাফল্য পায়।