শুল্কযুদ্ধের আবহে আমেরিকায় মোদি, ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কি গলবে বরফ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফরে যাচ্ছেন। এই সফরের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প প্রশাসন রুশ তেল আমদানির জেরে ভারতকে শাস্তি দিতে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, শুল্ক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হবে না। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে মোদির এই একান্ত বৈঠকে সম্পর্কের বরফ গলে কিনা, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।
জানা গেছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হবেন। সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও মোদির বৈঠক হতে পারে। তবে এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকই সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে। বছরের শুরুতে মোদি একবার মার্কিন সফরে গিয়েছিলেন এবং তখন তাঁদের মধ্যে বৈঠক হয়েছিল। সাত মাসের মধ্যে ফের হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দফায় মোদির সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব গোটা বিশ্ব দেখেছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর ট্রাম্পের আচরণে কিছুটা খামখেয়ালি ভাব দেখা যাচ্ছে, যার প্রভাব মোদির সঙ্গে তাঁর সম্পর্কেও পড়েছে। যদিও সম্প্রতিও ট্রাম্প বারবার মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন, তবুও ভারতের উপর শুল্ক চাপানোয় বন্ধুত্বের লক্ষণ স্পষ্ট হয়নি। এমতাবস্থায়, তাঁদের মুখোমুখি বৈঠকে কী আলোচনা হয়, তা জানার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে তার আগে ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠকের দিকেও ভারতের নজর থাকবে।