প্রবল বৃষ্টিতে হুলুস্থুল কান্ড এই জায়গায়! দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী এলাকার পাঘালু পাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টিতে পাশের বাড়ির একটি দেওয়াল ভেঙে টিনের ছাউনি দেওয়া ঘরের উপর পড়ে, যার ফলে দেওয়াল চাপা পড়ে মারা গেছে দুই শিশু। মৃত শিশুদের নাম মধুমিতা মোদক (৩) এবং দেবায়ন মোদক (দেড় বছর)।

বৃষ্টির কারণে ভেজা দেওয়াল, মর্মান্তিক পরিণতি
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে মাটির বাড়ির দেওয়াল ভিজে দুর্বল হয়ে পড়েছিল। মঙ্গলবার রাতে মধুমিতা ও দেবায়ন তাদের বাবা-মায়ের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ করে পাশের বাড়ির গার্ডওয়ালটি তাদের ঘরের উপর ভেঙে পড়ে। টিনের চাল এবং মাটির দেওয়াল ভেঙে পড়ায় ঘুমন্ত দুই শিশু চাপা পড়ে যায়।

হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান শিশুদের বাবা-মা। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করা হয় এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে শিলিগুড়ি কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।