পথকুকুর বিতর্কে রূপালি গঙ্গোপাধ্যায়, এক্স ব্যবহারকারীর চাঁচাছোলা মন্তব্যের পাল্টা জবাব দিল অভিনেত্রী

সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির সমস্ত পথ কুকুরদের ৮ সপ্তাহের মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একাধিক সেলিব্রিটি। জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও এই সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন।

একটি টুইটে রূপালি লেখেন, “পথ কুকুররা ভৈরব বাবার মন্দিরের পাহারা দেয়, অমাবস্যায় তাদের খাবার দেওয়া হয়। তারা রাস্তায় আছে বলেই দোকান বা বাড়ি আলাদা করে পাহারা দিতে হয় না। রাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারাই চিৎকার করে সতর্ক করে। যদি তাদের সরিয়ে দেওয়া হয়, তবে বিপদ আসার আগে আমাদের কেউ সতর্ক করবে না। তাদের দূরবর্তী আশ্রয়কেন্দ্রে পাঠানো নির্বাসনের সমান। তারা আমাদের সুরক্ষার অংশ। তাদের যত্ন নিন, টিকার ব্যবস্থা করুন, খাবার দিন এবং তাদের নিজেদের জায়গায় থাকতে দিন।”

অভিনেত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এক X ব্যবহারকারী তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, “আপনি যখন মুরগি, পাঁঠা, গরুর মাংস এবং মাছ খান, তখন পথ কুকুরদের পক্ষে কথা বলতে পারেন না। প্রাণীর প্রতি যদি ভালোবাসা দেখানোর ইচ্ছে থাকে, তাহলে সেটা সকলের জন্যই প্রযোজ্য। যদি এতই করুণা হয়, তাহলে তহবিল সংগ্রহ করে আশ্রয়কেন্দ্র তৈরি করুন, অথবা অন্তত ১০টি কুকুর দত্তক নিন। জলাতঙ্কে প্রিয়জন হারানো পরিবারের পাশে দাঁড়ান, প্রতিদিন কুকুরের কামড়ে যারা মারা যাচ্ছে, তাদের পাশে দাঁড়ান। তা না হলে কথা বলবেন না।”

ওই ব্যক্তির মন্তব্যটি রূপালি গঙ্গোপাধ্যায়ের নজর এড়ায়নি। তিনি এর কড়া জবাব দেন। উত্তরে রূপালি বলেন, “আমি প্রতিদিন গৃহহীন প্রাণীদের খাবার খাওয়াই। আমি যে সমস্ত প্রাণীদের খাওয়াই, তাদের নিয়মিত টিকা দেওয়া হয় এবং জীবাণুমুক্ত করা হয়। আমি পশু আশ্রয়কেন্দ্র এবং গোশালায় নিয়মিত পরিদর্শন করি। শুধু আমার শহরে নয়, সব জায়গায়ই পথ কুকুরদের বেঁচে থাকার অধিকার আছে।”

অভিনেত্রী আরও বলেন, “আমার বাড়িতেও ৪টি দেশি কুকুর রয়েছে, একটিও বিদেশি কুকুর নেই। আমার সন্তানও সবসময় নিরীহ প্রাণীদের সেবা করে। আর সব থেকে বড় কথা, আমরা নিরামিষাশী। দীর্ঘদিন ধরে আমরা মাছ-মাংস কিছুই খাই না। তাই দয়া করে না বুঝে মন্তব্য করবেন না।”

উল্লেখ্য, রূপালি গঙ্গোপাধ্যায় ছাড়াও জন আব্রাহাম, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, বীর দাস, চিন্ময়ীসহ আরও বেশ কয়েকজন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের এই আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।