সকালে বোনের কাছে রাখি পরে রাতে সেই বোনকেই ধর্ষণ করে খুন করল দাদা! পুলিশের কাছে আটক অভিযুক্ত

রাখি বন্ধনের পবিত্র দিনে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের অরাইয়া। সকালে খুড়তুতো বোনের কাছ থেকে রাখি পরার পর রাতে সেই বোনকেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। কেবল তাই নয়, ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য সে মৃতদেহ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়েও দেয়। অভিযুক্ত যুবকের অতিসক্রিয়তাই তাকে পুলিশের জালে আটকে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ৩৩ বছর বয়সী অভিযুক্ত যুবক তার কাকার বাড়িতে যায়। সেখানে সে তার ১৪ বছর বয়সী খুড়তুতো বোনের কাছ থেকে রাখি পরেন। একই দিনে রাতে মদ্যপ অবস্থায় সে আবার কাকার বাড়িতে ফিরে আসে।

অভিযোগ, এরপর সে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে। অপরাধ ধামাচাপা দিতে সে মৃতদেহ গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। কিশোরীর বাবা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন, কিন্তু তিনি কিছুই টের পাননি। পরদিন সকালে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং দ্রুত বুঝতে পারে এটি আত্মহত্যা নয়। তদন্তকারীরা ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পান। কিশোরীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ লক্ষ্য করে যে অভিযুক্ত যুবক অত্যন্ত বেশি সক্রিয়। সে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে নিজে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তার এই অস্বাভাবিক আচরণে পুলিশের সন্দেহ হয় এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

অরাইয়ার পুলিশ সুপার অভিজিৎ শঙ্কর জানিয়েছেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে।” এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।