ট্রাম্প-পুতিন বৈঠকের আগে মস্কোয় বড় নাশকতার ছক বানচাল, ইউক্রেনীয় গুপ্তচর গ্রেফতার

১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক ৭২ ঘণ্টা আগে মস্কোয় বড় ধরনের নাশকতার ছক বানচাল করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB)। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলার চেষ্টার অভিযোগে ইউক্রেনের এক স্পেশাল এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা সূত্র অনুযায়ী, এই হামলাকারীর লক্ষ্য ছিল মস্কোর এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় জল্পনা ছড়িয়েছে যে, পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল কি না।
আলাস্কার বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ না জানানোয় ইউরোপীয় ইউনিয়ন প্রশ্ন তুলেছে, তাকে ছাড়া কীভাবে ইউক্রেনের ভাগ্য নির্ধারিত হতে পারে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মস্কোয় ইউক্রেনীয় স্পেশাল ফোর্সের একজন সদস্যের ধরা পড়াকে হালকাভাবে নিতে নারাজ রুশ কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব রয়েছে (রাশিয়া ও ইউক্রেন)। তার বয়স প্রায় ৩৫ বছর এবং কোড নাম ‘র্যাভেন’। এফএসবি জানিয়েছে, র্যাভেন বোমা বিস্ফোরণে বিশেষজ্ঞ। সে মস্কোর সরকারি কর্মকর্তাদের পার্কিং লটে একটি গাড়ির মধ্যে ৬০ কিলোগ্রাম বিস্ফোরক লুকিয়ে রেখেছিল, যার উদ্দেশ্য ছিল গোটা দফতর উড়িয়ে দেওয়া। তৃতীয় একটি দেশে তাকে নিয়োগ করা হয়েছিল এবং টেলিগ্রামের মাধ্যমে সে তার হ্যান্ডলারের কাছ থেকে নির্দেশ পেত।
এদিকে, ইউক্রেনীয় বিদেশমন্ত্রকের প্রতিনিধি রডিওন মিরোশনিক জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ইউক্রেনীয় সেনারা রুশ প্রদেশগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে। বেলগরদ, কুর্স্ক, এবং খেরসনে ইউক্রেনীয় হামলায় অন্তত ২২ জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জন শিশুও রয়েছে। পাল্টা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পুতিন লোক ঠকাতে ওস্তাদ, ট্রাম্প যেন তার ফাঁদে পা না দেন।”