অমিতাভ-ঐশ্বর্যের পুরোনো ভিডিও নিয়ে ফের বিতর্ক, ‘অস্বাভাবিক’ আচরণ নিয়ে নতুন জল্পনা

বচ্চন পরিবারের পুত্রবধূ, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন গত এক বছর ধরে তার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনার কারণে আলোচনায় রয়েছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ঐশ্বর্যের ‘অস্বাভাবিক’ আচরণ এবং অমিতাভ বচ্চনের তাকে সামলানোর দৃশ্য দেখা গেছে।
ভিডিওটিতে দেখা যায়, একটি পার্টিতে ঐশ্বর্য সম্ভবত মদ্যপ অবস্থায় নিজেকে সামলাতে পারছিলেন না। তাকে জাপটে ধরে পার্টি থেকে বেরিয়ে আসছিলেন অমিতাভ বচ্চন। ঐশ্বর্যের সেই সময়ের আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ভিডিওতে অমিতাভকে ঐশ্বর্যকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “আরাধ্যার মতো আচরণ করো না।” তার এই মন্তব্যে ঐশ্বর্যের সেই অবস্থার প্রমাণ পাওয়া যায়।
এই ঘটনায় অমিতাভ ও ঐশ্বর্যের মধ্যেকার সম্পর্ক নিয়ে পুরোনো জল্পনা আবার মাথাচাড়া দিয়েছে। এর আগে ‘কাজরারে’ গানের সময় তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরার সামনে তাদের আচরণ নিয়েও অনেক খবর প্রকাশিত হয়েছিল। যদিও বচ্চন পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
অনেকে মনে করছেন, এই ধরনের পুরোনো ভিডিও বারবার সামনে আসা বচ্চন পরিবারের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে। তবে এই ভিডিওর সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও, ঐশ্বর্যের আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।