মাত্র ১০ টাকার জন্য অটোচালককে নির্মমভাবে মারধর, গুরুগ্রামে গ্রেফতার ২

মাত্র ১০ টাকার ভাড়া নিয়ে বচসার জেরে এক অটোচালককে লাঠি ও পাথর দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। এই নৃশংস ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছরের ওই অটোচালক। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
আক্রান্ত অটোচালক বিপিনের বাড়ি উত্তর প্রদেশের কনৌজে। গত রবিবার (১০ আগস্ট) দুপুরে তিনি গুরুগ্রাম থেকে এক যাত্রীকে নিয়ে বাসাই যাচ্ছিলেন। বাসাই রোড পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে ভাড়ার ১০ টাকা নিয়ে ওই যাত্রীর সঙ্গে তার বচসা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রী তার আত্মীয়দের ডেকে আনেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাঠি ও পাথর হাতে ওই যাত্রীর আত্মীয়রা ঘটনাস্থলে পৌঁছান এবং বিপিনকে বেধড়ক মারধর শুরু করেন। তার উপর একাধিক ব্যক্তি হামলা চালায়। বিপিনের বৌদি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, বিপিন তাকে এবং তার দাদাকে ফোন করে সাহায্য চেয়েছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপরেও হামলা চালানো হয়। এরপর স্থানীয় বাসিন্দারা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুগ্রাম পুলিশের পিআরও সন্দীপ কুমার এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “মাত্র ১০ টাকার জন্য এমন নৃশংস মারধর সত্যিই হতবাক করার মতো।” তিনি জানান, এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। বিপিন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।