দিল্লির পথ কুকুর ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মানকা গান্ধী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

দিল্লির রাস্তা থেকে পথ কুকুরদের ৮ সপ্তাহের মধ্যে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশের তীব্র বিরোধিতা করেছেন পশুপ্রেমী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। ‘পিপল ফর অ্যানিম্যালস’ (PFA)-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন হিসেবে তিনি এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন।

মানেকা গান্ধী সুপ্রিম কোর্টের এই রায়কে ‘যুক্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দিল্লি-এনসিআর অঞ্চলে প্রায় ৩ লক্ষাধিক পথ কুকুর রয়েছে। মাত্র ৮ সপ্তাহের মধ্যে এত বিপুল সংখ্যক কুকুরকে আশ্রয় কেন্দ্রে পাঠানো কার্যত অসম্ভব এবং অবাস্তব। তিনি আরও জানান যে, এই রায় কার্যকর করতে গেলে সরকারের প্রতি মাসে প্রায় ১৫ কোটি টাকা খরচ হবে।

তাঁর মতে, আদালতের এই ধরনের রায় কার্যকর করা কঠিন। মানেকা গান্ধী অভিযোগ করেন যে, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD) নির্বাচনের আগে পথ কুকুরদের ইস্যুটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

এই রায়ের পর দেশের পশুপ্রেমী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ কুকুরদের প্রতি নিষ্ঠুরতা বাড়াবে এবং সমস্যার সমাধান করবে না। মানেকা গান্ধীর এই আবেদন এখন রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলে আলোচনার জন্ম দিয়েছে। সবাই এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকে।