রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি নিয়ে বিপাকে আকাশ দীপ, ডিলারশিপের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা

সদ্য ইংল্যান্ড সফর থেকে ফেরা ভারতীয় ক্রিকেটার আকাশ দীপ তার নতুন কেনা গাড়ির কারণে বিপাকে পড়েছেন। গাড়ি কেনার মাত্র তিন দিনের মধ্যেই বিহার সরকারের পক্ষ থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্ট্রেশন ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই নোটিশ পাঠানো হয়েছে এবং শর্ত না মানলে তার গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে।

আকাশ দীপ তার নতুন গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই বিষয়টি সামনে আসে। ছবিতে দেখা যায়, গাড়িতে কোনো স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর তো নেইই, এমনকি অস্থায়ী রেজিস্ট্রেশন প্লেটও লাগানো হয়নি। এছাড়াও, হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) ছিল না।

শুধু আকাশ দীপ নন, যে ডিলারশিপ থেকে গাড়িটি কেনা হয়েছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ডিলারশিপকে আগামী এক মাস কোনো গাড়ি বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গাড়ির রোড ট্যাক্সও এখনও বকেয়া রয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি রাস্তায় চালানো সম্পূর্ণ বেআইনি। যদিও আকাশ দীপ ইতিমধ্যেই নতুন গাড়িটি ব্যবহার করেছেন। তাই রেজিস্ট্রেশন ও অন্যান্য কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে বিহার সরকার তার গাড়ি বাজেয়াপ্ত করতে পারে।

এই ঘটনাটি সাধারণ মানুষকে নতুন গাড়ি কেনার সময় রেজিস্ট্রেশন এবং অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সচেতন করবে বলে মনে করা হচ্ছে।