রেজিস্টার্ড পোস্টের ৫০ বছরের যাত্রার অবসান, স্পিড পোস্টের সঙ্গে মিশে গেল পরিষেবা

একটি যুগ শেষ হলো। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল রেজিস্টার্ড পোস্ট। ফোনের সীমিত সংযোগ এবং ইন্টারনেটের অভাবের দিনে রেজিস্টার্ড পোস্ট ছিল সস্তা ও নির্ভরযোগ্য। কিন্তু এবার সেই পরিষেবার অবসান ঘটল। ভারতীয় ডাক রেজিস্টার্ড পোস্টকে তাদের দ্রুত পরিষেবা, স্পিড পোস্টের সঙ্গে মিশিয়ে দিয়েছে।

রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে একসময় সরকারি ও অফিসিয়াল চিঠিপত্র, আদালতের সমন, এবং গুরুত্বপূর্ণ নথি পাঠানো হতো। এটি ছিল সাধারণ মানুষের কাছে যোগাযোগের একটি সুরক্ষিত মাধ্যম। এখন ডিজিটাল যুগ, ইমেল, হোয়াটসঅ্যাপ এবং কুরিয়ার সার্ভিসের যুগে রেজিস্টার্ড পোস্টের ব্যবহার অনেকটাই কমে গিয়েছিল। এবার ভারতীয় ডাকের এই সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে তার বিদায় ঘণ্টা বেজে গেল।

ইন্ডিয়া পোস্ট তাদের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলেছে, “রেজিস্টার্ড পোস্ট বন্ধ করে দেওয়া হয়নি। ভারতীয় ডাক তাদের পরিষেবা উন্নত করেছে। ফলে স্পিড পোস্টের সঙ্গে রেজিস্টার্ড পোস্টের পরিষেবা মার্জ করে দেওয়া হয়েছে।” এর অর্থ হলো, এখন থেকে রেজিস্টার্ড পোস্টের সব কাজ স্পিড পোস্টের মাধ্যমেই করা হবে, যা দ্রুত ডেলিভারির সুবিধা দেবে।

এই পদক্ষেপকে ভারতীয় ডাকের আধুনিকীকরণের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও এটি সাধারণ মানুষের কাছে যোগাযোগের একটি পুরোনো এবং আবেগপূর্ণ মাধ্যমের সমাপ্তি। এখন থেকে আর কেউ চিঠির অপেক্ষায় ডাকঘরে যাবে না। স্পিড পোস্টের দ্রুততার যুগে পুরোনো দিনের সেই বিশেষ অপেক্ষার দিন শেষ হলো।