শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে র‍্যাগিং ও বহিরাগতদের হামলা, নিরাপত্তায় বড়সড় প্রশ্নচিহ্ন

র‍্যাগিং, বহিরাগতদের হামলা এবং টাকার বিনিময়ে মস্তান দিয়ে মারধরের মতো গুরুতর অভিযোগের মুখে শিলিগুড়ি বয়েজ হাইস্কুল। নামকরা এই সরকারি স্কুলে একের পর এক অপ্রীতিকর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিতর্কের জেরে সম্প্রতি একজন নিগৃহীত ছাত্র আতঙ্কে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট (TC) নিয়ে চলে গেছে।

র‍্যাগিংয়ের অভিযোগে অষ্টম শ্রেণির এক ছাত্রের কাছ থেকে প্রতিদিন টাকা দাবি করা হতো এবং টাকা না দিলে মারধর করা হতো। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার পর মঙ্গলবারও স্কুলের টিসি নিয়েছে ওই ছাত্র। তার বাবা-মা এসে ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এর মধ্যেই সামনে এসেছে আরও দুটি চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে যে, সম্প্রতি অষ্টম শ্রেণির দুই পড়ুয়া তাদেরই কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভাড়াটে মস্তান দিয়ে মারধর করিয়েছে। মস্তানেরা স্কুলের বাইরে কলেজপাড়া এলাকায় এই কাণ্ড ঘটায়। সেসময় এক শিক্ষক তাদের বাঁচান। আরেক ঘটনায়, দিন কয়েক আগে এক বহিরাগত ক্ষুর হাতে স্কুলের ভেতরে ঢুকে এক ছাত্রকে মারধর করতে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। শিক্ষকদের হস্তক্ষেপে সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়।

প্রধান শিক্ষক উৎপল দত্ত অবশ্য বলছেন, “বিচ্ছিন্ন কিছু ঘটনা স্কুলের সামগ্রিক মান নির্ধারণ করে না।” তিনি আরও বলেন, “ক্ষুর নয়, পেনসিল কাটার নিয়ে বহিরাগত একজন স্কুলে ঢুকেছিল।” তবে তিনি স্বীকার করেছেন যে, র‍্যাগিংয়ের শিকার ছাত্রটি টিসি নিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে।

শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি স্বয়ং মেয়র গৌতম দেব হওয়ায় এই ঘটনাগুলো আরও বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে।