২২ আগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো, পরিদর্শনে এলেন রেল বোর্ডের চেয়ারম্যান

আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সময় বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশটি চালু হতে পারে বলে জল্পনা তুঙ্গে। এই জল্পনাকে আরও উসকে দিয়ে মঙ্গলবার কলকাতায় এলেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। তিনি এই রুটের প্রস্তুতি খতিয়ে দেখতে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ভূ-গর্ভস্থ অংশের পরিদর্শন করেন।
মেট্রো সূত্রে খবর, বউবাজারের বিপর্যয়ের পর এই অংশের কাজ শেষ করা কেএমআরসিএলের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। রেল বোর্ডের চেয়ারম্যান এই রুটের যাত্রী সুরক্ষা ব্যবস্থা, সিগন্যালিং সিস্টেম, এবং জরুরি অবস্থায় বাইরে বেরোনোর পথ সহ সব গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করে দেখেন। মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনাও করেন।
পরিদর্শন শেষে রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার বলেন, “খুব শীঘ্রই এই লাইন চালু হবে।” তিনি আরও আশ্বাস দেন যে, দ্রুত পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি অংশ আলাদাভাবে চালু রয়েছে – সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ (৯.২ কিমি) এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (৪.৮ কিমি)। এই দুটি অংশের মাঝখানের ২.২ কিলোমিটার রুট নিয়েই এতদিন জটিলতা ছিল। এবার এই অংশটি চালু হলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ ১৬ কিলোমিটার পথ সরাসরি যুক্ত হয়ে যাবে।
এর আগে সোমবার মেট্রোর গুরুত্বপূর্ণ বিভাগের আধিকারিক ব্রজমোহন আগরওয়াল এই রুটের ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা পরিদর্শন করে গিয়েছিলেন। রেল বোর্ডের চেয়ারম্যানের এই আকস্মিক পরিদর্শনের পর মেট্রো কর্তৃপক্ষ আশা করছে যে, ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণভাবে চালু হওয়ার স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে।