ফের হেনস্তার শিকার আরজি করের নির্যাতিতার বাবা! পুলিশ কমিশনারকে ইমেলে কী লিখলেন?

নবান্ন অভিযানে আহত আরজি করের নির্যাতিতার মায়ের চিকিৎসার মেডিক্যাল রিপোর্ট বদলে দেওয়ার অভিযোগের পর, এবার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন তার বাবা। কোথায় এফআইআর দায়ের করতে হবে, তা জানতে চেয়ে তিনি সরাসরি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে একটি ইমেল পাঠিয়েছেন।

কেন পুলিশ কমিশনারকে ইমেল?
নির্যাতিতার বাবা তাঁর ইমেলে জানিয়েছেন, নবান্ন অভিযানে তাঁর স্ত্রীর মাথায় আঘাত লাগে এবং তিনি এখনো মাথা ব্যথায় ভুগছেন। এই বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়ে তাঁকে একাধিক থানায় ঘোরানো হয়েছে। পুলিশ তাঁকে প্রথমে শেক্সপিয়ার সরণি থানায়, তারপর পার্কস্ট্রিট এবং শেষে নিউমার্কেট থানায় যেতে বলে। এই হয়রানি ও অসহযোগিতার কারণে তিনি একটি ‘জিরো এফআইআর’ দায়ের করার অনুরোধ জানিয়েছেন, যা যেকোনো থানায় করা যায়।

তিনি তার ইমেলে লেখেন, “আমি সত্যিই খুবই দুঃখিত এবং মর্মাহত যে এক বছর কেটে গেলেও কিছুই বদলায়নি। গত বছর ৯ আগস্ট আমার একমাত্র কন্যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই বছর ৯ আগস্ট আমার স্ত্রী আক্রমণের শিকার হয়েছেন।” তিনি বলেন যে, পুলিশ তাদের ভুলপথে চালিত করছে এবং এই হয়রানি বন্ধ হওয়া উচিত।

হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট বদলের অভিযোগ
অন্যদিকে, যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মায়ের চিকিৎসা চলছিল, সেই হাসপাতালের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন তার বাবা। তিনি জানিয়েছেন, হাসপাতালটি তাঁর স্ত্রীর আসল মেডিক্যাল রিপোর্ট বদলে দিয়েছে। সেই আসল রিপোর্টে নাকি উল্লেখ ছিল যে, পুলিশের আঘাতে তিনি আহত হয়েছেন। তাই তিনি হাসপাতালের কাছে তার স্ত্রীর আসল রিপোর্ট চেয়ে একটি আইনি চিঠি পাঠিয়েছেন।