দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’, মন্ত্রিসভায় মিলল অনুমোদন

দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে সোমবার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এই বিষয়ে সম্মতি জানানো হয়।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটন দফতর এবং হিডকো (HIDCO) যৌথভাবে এই ‘দুর্গা অঙ্গন’ তৈরির কাজ করবে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই নির্মাণকাজের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে মন্দিরটি ঠিক কোথায় তৈরি হবে বা এর জন্য আনুমানিক কত বাজেট ধরা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত নবান্নের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এই বছরের ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ‘দুর্গা অঙ্গন’ তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেই সময়ে তিনি বিজেপির সমালোচনা করে বলেন, “একমাত্র ভোটের সময়েই কি আপনাদের কালী-দুর্গার কথা মনে পড়ে?” এরপরই তিনি বলেছিলেন, “জগন্নাথ ধামের মতোই আগামী দিনে দুর্গা অঙ্গন নির্মাণ হবে বাংলায়।” এবার সেই ঘোষণারই বাস্তবায়নে সরকারি সিলমোহর পড়ল।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিজেপি অবশ্য তৃণমূলের ‘দুর্গা-প্রীতি’ নিয়ে সরব হয়েছে। তারা গোটা বিষয়টিকে ‘রাজনীতির অংশ’ বলে চিহ্নিত করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিও ‘দুর্গা-রাজনীতি’ থেকে পিছিয়ে নেই। চলতি বছরেই তারা ইজেডসিসিতে (EZCC) দুর্গাপূজা করছে। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল দাবি করেন, “এই পুজো সরাসরি বিজেপি করছে না। অন্য একটি সংগঠন করছে, যাকে আমাদের দল সহযোগিতা করছে।” এই প্রেক্ষাপটে, ‘দুর্গা অঙ্গন’ নির্মাণ প্রকল্পটি একদিকে যেমন রাজ্য সরকারের একটি বড় উদ্যোগ, তেমনি এর রাজনৈতিক তাৎপর্যও ব্যাপক বলে মনে করা হচ্ছে।