Weather: নিম্নচাপের বৃষ্টি শুরু হবে কবে থেকে? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানুন আপডেট

দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছেন মানুষ। এর মধ্যেই নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার (১৩ অগাস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী কয়েকদিন ধরে চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে, যা কালও অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টি অনেকটাই কমে আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা ভিন্ন। এখানে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। যদিও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এসব এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
সপ্তাহের মাঝামাঝি সময়ে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার এই জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। এমনকি কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরে আংশিক মেঘলা আকাশের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ১৩ই আগস্ট নিম্নচাপ তৈরির পর, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এর আগে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবেই হবে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শহরেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।