অমিত কুমারের প্রেমে পাগল ছিলেন শতাব্দী রায়, নস্টালজিক গল্প শোনালেন অভিনেত্রী

বাংলা ছবির দুনিয়ায় নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় সম্প্রতি তার জীবনের একটি মজার এবং ব্যক্তিগত গল্প শেয়ার করেছেন, যা শুনে তার ভক্তরা মুগ্ধ হয়েছেন। একটি ভিডিওতে তিনি জানিয়েছিলেন যে তিনি এক বিখ্যাত গায়কের প্রেমে পাগল ছিলেন। অবশেষে সোমবার এক পোস্টে তিনি সেই গায়কের নাম প্রকাশ করলেন – তিনি আর কেউ নন, কিংবদন্তি গায়ক কিশোর কুমারের পুত্র অমিত কুমার।

৬ই আগস্ট পোস্ট করা ভিডিওতে শতাব্দী রায় বলেছিলেন, “আমি একটি গায়কের প্রেমে পড়েছিলাম। সেই প্রেম ছিল একতরফা, আর আজও পর্যন্ত তিনি জানেন না।” তিনি আরও জানান, ওই গায়ক বাংলা ছবিতেও গান গেয়েছিলেন এবং একটি গানের রেকর্ডিংয়ে ভুল করার পর ‘সরি সরি’ বলেছিলেন। সেই ক্যাসেটটি তিনি দিনে বহুবার শুনতেন। গায়কের একটি সাক্ষাৎকার ও ছবি দেখে তিনি আরও বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

শতাব্দী রায় বলেন, “আমার তখন ১৭-১৮ বছর বয়স। আমি ভাবতাম তার বয়স ২৪-২৫ বছর হবে। আমি তার মাকে (যিনি আমাদের সঙ্গে অভিনয় করতেন) গিয়ে বলেছিলাম যে আমি তার সঙ্গে যোগাযোগ করতে চাই। তখন তিনি বলেন, ‘তুই কি ভাবছিস?’ আমি বলি, ‘তার নিশ্চয়ই ২৪-২৫ বছর বয়স।’ তখন তিনি বলেন, ‘না, ও অনেক বড়’। আমি তখন বলি, ‘না, হতে পারে না। ও এত সুন্দর, আমি ওর জন্য পাগল।’

এরপর তিনি জানান, একদিন তিনি জানতে পারেন যে গায়ক টলিউডের একটি স্টুডিওতে রেকর্ডিং করতে আসছেন। তিনি শুটিং ছেড়ে সেই স্টুডিওতে গিয়ে বসে থাকেন শুধু গায়ককে সামনে থেকে দেখার জন্য। কিন্তু সেদিন দূর থেকে গায়ককে দেখার পর তার মন বদলে যায়। তার কল্পনার সঙ্গে বাস্তবের মিল না হওয়ায় তিনি হতাশ হয়ে ফিরে আসেন। দেখাও করেননি, কথাও বলেননি।

অবশেষে সোমবার এক পোস্টে অভিনেত্রী জানান, “আগের ভিডিওতে বলেছিলাম এক গায়কের প্রেমে পড়েছিলাম, কিন্তু তার নামটা বলিনি। তার বাবার নাম কিশোর কুমার, তার মায়ের নাম উমা গুহঠাকুরতা। আর তার নাম হল অমিত কুমার।” এই পোস্টের মাধ্যমে শতাব্দী রায় তার একতরফা ভালোবাসার এক মিষ্টি গল্প সবার সঙ্গে ভাগ করে নিলেন।