পুরুলিয়ায় রহস্যজনক মৃত্যু, রেললাইন থেকে মা ও দুই নাবালিকার দেহ উদ্ধার

মোবাইল সারাতে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক তরুণী ও তার দুই নাবালিকা আত্মীয়ার। সোমবার ভোরে পুরুলিয়ার সুইসা স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় জানা গেছে, তারা হলেন কাজল মাছুয়া (২৫), তার মেয়ে রাখি মাছুয়া (৮), এবং কাজলের বোন রাধা (১২)।
পুরুলিয়া জিআরপি সূত্রে জানা গেছে, মৃতদেহগুলিতে ট্রেনের ধাক্কায় সৃষ্ট আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন না থাকায় পুলিশের প্রাথমিক ধারণা, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত কাজলের মায়ের বয়ান অনুযায়ী, গত রবিবার বিকেলে কাজল তার মেয়ে ও বোনকে নিয়ে মোবাইল সারানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। সোমবার সকালে রেললাইন থেকে তাদের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাদের শনাক্ত করেন।
জানা গেছে, কাজলের স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। গত দুই মাস ধরে কাজল তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে কারা এবং কেন এই তিনজনকে খুন করল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।