গলসিতে পথ দুর্ঘটনায় উল্টে গেল ধান রোপণের গাড়ি, আহত ৩১

ধান রোপণের কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৩১ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার কোলকোল এলাকায়। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে, আউশগ্রামের বিভিন্ন এলাকা থেকে ৩১ জন শ্রমিক ধান রোপণের জন্য গলসির কোলকোল এলাকায় এসেছিলেন। কাজ শেষে একটি চারচাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কোলকোলের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এর ফলে গাড়িতে থাকা সকল যাত্রীই কম-বেশি আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। আহতদের প্রথমে পুরষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ১৮ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ধমান মেডিক্যাল হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।