ডিএ মামলা, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি, রাজ্যের যুক্তিতে নতুন মোড়

মহার্ঘ ভাতা (DA) নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কি না, তা জানতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। বিচারপতি সঞ্জয় কারল ও পিকে মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে। গত সপ্তাহে শেষ শুনানিতে রাজ্যের পক্ষ থেকে নতুন কিছু যুক্তি পেশ করা হয়, যা মামলায় নতুন মোড় এনেছে।
গত ৭ই অগাস্টের শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে, রাজ্য সরকার নিজেই ‘রোপা’ (ROPA) আইনের ভিত্তিতে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আদালত আরও মনে করিয়ে দেয় যে, বকেয়া ডিএ দেওয়ার কথাও বলা হয়েছিল এবং রাজ্যকে অবশ্যই আইন মেনে চলতে হবে।
এর জবাবে রাজ্যের আইনজীবী দাবি করেন যে, রাজ্যের স্মারকলিপিতে নির্দিষ্ট সময় অন্তর ডিএ বাড়ানোর কথা বলা হলেও, ‘রোপা রুল’-এ কোথাও আলাদা সূচক তৈরি করে ডিএ দিতে হবে এমন কথা বলা নেই। এ ক্ষেত্রে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা সরকারের রয়েছে।
অন্যদিকে, মামলাকারী পক্ষের আইনজীবী অভিযোগ করেন, রাজ্য সরকার কোনো সুনির্দিষ্ট নীতি ছাড়াই নিজের ইচ্ছেমতো ডিএ দিচ্ছে। তিনি বলেন, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে বর্ধিত হারে ডিএ দেওয়া প্রয়োজন। রাজ্য সরকার বেতন কমিশনের সুপারিশ মানবে না, এমন কথা বলতে পারে না। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মিশ্র মন্তব্য করেন, রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ফের শুরু হবে। এখন দেখার, আদালত শেষ পর্যন্ত কী রায় দেয় এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ভাগ্যে কী লেখা আছে।