‘অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববো’, পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। সিন্ধু নদের জলবণ্টন চুক্তি নিয়ে তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে, ভারত এই ধরনের কোনো হুমকিতে ভয় পায় না এবং পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না।
‘দ্য প্রিন্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মুনির আমেরিকার ফ্লোরিডায় প্রবাসী পাকিস্তানিদের এক নৈশভোজে এই বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “সিন্ধু নদীর উপর ভারত যখন বাঁধ তৈরি করবে, তখন আমরা অপেক্ষা করব এবং ১০টি ক্ষেপণাস্ত্রের আঘাতে তা ধ্বংস করব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের অভাব নেই।” মুনির আরও বলেন, সিন্ধু জল চুক্তি বাতিল করার ভারতের সিদ্ধান্ত ২৫ কোটি মানুষের জন্য দুর্ভিক্ষের কারণ হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা একটি পারমাণবিক অস্ত্রধারী জাতি এবং যদি আমরা ডুবি, তাহলে আমরা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববো।”
এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, পারমাণবিক অস্ত্র প্রদর্শন পাকিস্তানের একটি পুরনো অভ্যাস। বিদেশ মন্ত্রকের মতে, মুনিরের এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুর্ভাগ্যজনক। তারা আরও জানায়, ভারত তার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। বিদেশ মন্ত্রক এমন একটি দেশের ওপর সন্দেহ প্রকাশ করেছে, যেখানে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ৬৫ বছরের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করে। এই চুক্তিটি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু নদীর জল বণ্টন নিয়ে ১৯৫০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল। মুনিরের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন তিনি আমেরিকার দ্বিতীয় সফরে রয়েছেন।