শিয়ালদহ শাখায় প্রথম এসি লোকাল চালু, প্রথম দিনেই বিনা টিকিটের যাত্রী আটক

সোমবার শিয়ালদহ শাখায় প্রথমবারের মতো যাত্রী নিয়ে যাত্রা শুরু করল এসি লোকাল ট্রেন। রানাঘাট থেকে শিয়ালদহ রুটে এই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। কিন্তু উদ্বোধনের প্রথম দিনেই রেলের তরফ থেকে সতর্ক করা সত্ত্বেও বিনা টিকিটের যাত্রী ধরা পড়ল। রেল কর্তৃপক্ষ বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে ওই যাত্রীর উপর জরিমানা ধার্য করেছে।

রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেনে এক যাত্রী বিনা টিকিটে উঠে একটি সিটের পাশে লুকিয়ে ছিলেন। টিকিট পরীক্ষক টিকিট পরীক্ষা করতে এলে ওই যাত্রী অন্য বগিতে যাওয়ার চেষ্টা করেন, এতেই তার উপর সন্দেহ হয়। টিকিট পরীক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়ার পর ওই যাত্রী স্বীকার করেন যে তিনি টিকিট কাটেননি।

বিনা টিকিটে ভ্রমণের জন্য ওই যাত্রীর ওপর জরিমানা ধার্য করা হয়। প্রথম দিন রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকাল ট্রেনে মোট ২৫০৩ জন যাত্রী যাতায়াত করেছেন, যা রেল কর্তৃপক্ষকে বেশ খুশি করেছে।

শিয়ালদহ শাখায় বিনা টিকিটে যাতায়াতের ঘটনা নতুন নয়। প্রতি বছর পূর্ব রেল এই শাখা থেকে জরিমানা বাবদ বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে থাকে। নতুন এসি লোকাল ট্রেনও এই অভিযোগ থেকে মুক্ত থাকতে পারল না।

এসি লোকালের ভাড়া ১২০ টাকা হলেও যাত্রীরা এই নতুন পরিষেবা পেয়ে খুবই খুশি। অনেকে এই রুটে আরও বেশি এসি লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়েছেন। যদিও প্রথম দিনেই বিনা টিকিটে যাত্রীর উপস্থিতি রেলের নিয়ম ভঙ্গ করার প্রবণতাকেই আবারও সামনে এনেছে।