মালদহে পুলিশের বড় সাফল্য, আড়াই কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার ৪

মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে মালদহ পুলিশ। তিনটি পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৮০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক মহিলা-সহ মোট চার মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে নানা কৌশল নিলেও শেষ পর্যন্ত ধরা পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচক থেকে বিহারের আড়াড়িয়া পর্যন্ত একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় ছিল। এই চক্র সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ পুলিশ, কলকাতা এসটিএফ এবং জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ যৌথভাবে অভিযান চালায়।

প্রথম অভিযানটি চালানো হয় কালিয়াচকের সুজাপুরে। সেখানে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ মহম্মদ রাজিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে ৫২০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করে। সে কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা।

দ্বিতীয় অভিযানে কালিয়াচকের জালালপুরের নাতিবপুর থেকে বিপুল পরিমাণ মাদক-সহ দুজনকে আটক করা হয়। এই অভিযানে কালিয়াচক পুলিশ, ক্রাইম মনিটরিং গ্রুপ এবং কলকাতা এসটিএফ একযোগে কাজ করে। ধৃতদের কাছ থেকে দেড় কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলো সামাদ শেখ এবং শামীমা আকতার।

তৃতীয় অভিযানটি হয় মালদহের ইংরেজবাজারের রথবাড়ি এলাকায়। সেখান থেকে শাহাদাত হোসেন নামে এক যুবককে ৮০০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয়। সে কালিয়াচকের ফতেখানি এলাকার বাসিন্দা। এই অভিযানে মাদক সরবরাহকারী হিসেবে মহম্মদ সালাম শেখ নামের আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদক মালদহ থেকে বিহারের আড়াড়িয়ায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিহারের আড়াড়িয়ার আরও তিন মাদক কারবারির নাম পুলিশের হাতে এসেছে। মালদহ পুলিশ মাদক কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করবে বলে জানিয়েছে।