“পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস”, পাক সেনাপ্রধানের হুমকির কড়া জবাব দিল ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভারত-বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মুনির আমেরিকায় এক অনুষ্ঠানে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেওয়ার পাশাপাশি মুকেশ আম্বানির মতো ভারতীয় শিল্পপতিদের ওপর হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ভারতীয় বিদেশ মন্ত্রক বলেছে, এই ধরনের অপরিণত মন্তব্য থেকে ফের প্রশ্ন উঠেছে যে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে পারমাণবিক কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না।
আজ এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, “পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা সফরকালে যা যা বলেছেন, তা আমাদের নজরে এসেছে। পারমাণবিক জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারেন।” মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়, “এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধুরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এহেন মন্তব্য করেছেন।”
মুনির তাঁর বক্তব্যে ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তান এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে, যেখানে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। দ্য প্রিন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মুনির বলেছিলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা কোনো যুদ্ধে হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।” এছাড়াও তিনি সিন্ধু সিস্টেমের উপনদীগুলির ওপর ভারত বাঁধ তৈরি করলে ১০টি মিসাইল দিয়ে তা উড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের পর ভারত স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তানের এই পারমাণবিক হুমকিকে তারা ভয় পায় না। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে ভারত পিছ পা হবে না। মুনির তাঁর বক্তব্যে ভারত ও পাকিস্তানের তুলনা করে ভারতকে ‘চকচকে মার্সিডিজ’ এবং পাকিস্তানকে ‘পাথর বোঝাই ডাম্পার ট্রাক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
ভারতের বিদেশ মন্ত্রকের এই কড়া প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব লাভ করেছে। এটি স্পষ্ট করে দিয়েছে যে, ভারত পাকিস্তানের এই ধরনের উস্কানিমূলক মন্তব্যকে হালকাভাবে নিচ্ছে না এবং প্রয়োজনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।