অসুস্থ মহুয়া মৈত্র, ঘাড়ে মাথায় জল দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা রাহুল গান্ধির!

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই সময় তাঁকে শুশ্রূষা করতে এগিয়ে আসেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাসের মধ্যে মহুয়ার মাথায় জল দেওয়া এবং তাঁকে সুস্থ করার চেষ্টা করতে দেখা যায় রাহুলকে।

বিহার ও অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বিরোধী দলগুলি একত্রিত হয়ে দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সোমবার সকালে সাংসদরা নির্বাচন কমিশনের দিকে এগোতে থাকলে পুলিশ তাঁদের বাধা দেয়, যার ফলে তীব্র উত্তেজনা তৈরি হয়।

পুলিশ ও সাংসদদের মধ্যে ধস্তাধস্তির সময় আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ রাস্তায় সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে দ্রুত ছুটে আসেন রাহুল গান্ধী এবং অন্যান্য সাংসদরা। তাঁরা মিতালি বাগকে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এর পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী শিবিরের আরও অনেক সাংসদকে আটক করে পুলিশের বাসে তোলে। বাসের মধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অসুস্থ বোধ করতে থাকেন। অন্যান্য সাংসদরা তাঁকে সেবা করতে শুরু করেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী মহুয়াকে জল খাইয়ে দিচ্ছেন এবং তাঁর মাথায় ও ঘাড়ে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। অন্যান্য সাংসদরাও তাঁকে হাওয়া দিয়ে সাহায্য করছিলেন। পরে দেখা যায়, রাহুল মহুয়ার পাশেই বসে রয়েছেন।

বিক্ষোভের কারণে আটক হওয়া সাংসদদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা দিল্লির রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।