‘পরদেশ’ ছবির নেপথ্যে লুকিয়ে এক অজানা গল্প…২ ঘণ্টায় শুটিং সেরে দিল্লি ফিরেছিলেন শাহরুখ, কিন্তু কেন?

বলিউড সুপারস্টার শাহরুখ খান ১৯৯৭ সালে যখন ‘পরদেশ’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত, তখনই তার জীবনে এসেছিল এক অপ্রত্যাশিত সংকট। সেই সময়ে স্ত্রী গৌরীর গর্ভাবস্থায় জটিলতা দেখা দেওয়ায় তড়িঘড়ি শ্যুটিং ছেড়ে দিল্লি ফিরতে হয়েছিল তাকে। ছবির পরিচালক সুভাষ ঘাই সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা তুলে ধরেছেন, যেখানে শাহরুখের পেশাদারিত্ব এবং পারিবারিক দায়িত্ববোধের এক দারুণ উদাহরণ উঠে এসেছে।
‘ইয়ে দিল দিওয়ানা’ গানের নেপথ্য কাহিনী
‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানান, ‘পরদেশ’ ছবির শ্যুটিং প্রায় শেষের দিকে ছিল, মাত্র দুই দিন বাকি। গানটি শ্যুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলসে লোকেশন ঠিক করা হয়েছিল। কিন্তু তখনই শাহরুখকে দিল্লি ফিরতে হয়। ঘাই বলেন, “শাহরুখ আমাকে বলেছিলেন, তাকে দুই দিনের মধ্যে চলে যেতে হবে, কারণ গৌরীর গর্ভাবস্থায় কিছু সমস্যা হচ্ছিল।”
পরিচালক দ্রুত সিদ্ধান্ত নেন এবং শাহরুখকে পরদিন সকাল ৭টার মধ্যে শ্যুটিং লোকেশনে চলে আসতে বলেন। মাত্র দুই ঘণ্টার মধ্যে পরিচালক শুধু শাহরুখের ক্লোজ-আপ শটগুলো নিয়ে নেন। গাড়ির শট বা অন্য দৃশ্যগুলো বডি ডাবল ব্যবহার করে শ্যুট করা হয়েছিল। এভাবে কোনো বিলম্ব ছাড়াই ‘ইয়ে দিল দিওয়ানা’ গানের শ্যুটিং সম্পন্ন হয়। গানটি এতটাই হিট হয়েছিল যে, এটি শুধু ছবির জনপ্রিয়তা বাড়ায়নি, বরং শাহরুখ এবং গায়ক সোনু নিগমের এক সফল জুটির জন্ম দিয়েছিল।
পরিবার এবং পেশার ভারসাম্য
১৯৯৭ সালের নভেম্বরে শাহরুখ এবং গৌরীর প্রথম সন্তান আরিয়ানের জন্ম হয়। এই ঘটনা প্রমাণ করে যে, কাজের প্রতি শাহরুখের যেমন নিষ্ঠা ছিল, তেমনই পরিবারের প্রতিও তার গভীর ভালোবাসা ছিল। সম্প্রতি ‘জাওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতে তিনি তার বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। এরপর তাকে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে।