শুধু ভারত নয়, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় এই দেশগুলিতেও! জেনেনিন

আগামী ১৫ই আগস্ট ভারত তার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। ১৯৪৭ সালের এই দিনে বহু আত্মত্যাগের বিনিময়ে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছিল। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের। তবে বিশ্বে আরও এমন পাঁচটি দেশ আছে, যারা ১৫ই আগস্টকেই তাঁদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে।
১. উত্তর ও দক্ষিণ কোরিয়া: ১৯৪৫ সালের ১৫ই আগস্ট কোরীয় উপদ্বীপে জাপানি শাসনের অবসান ঘটেছিল। এর তিন বছর পর, ১৯৪৮ সালে, উত্তর ও দক্ষিণ কোরিয়া আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে। তখন থেকে এই দুটি দেশই ১৫ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে।
২. রিপাবলিক অফ কঙ্গো: কঙ্গোতে ১৮৮০ সাল থেকে ফরাসি উপনিবেশ ছিল। দীর্ঘ সংগ্রামের পর, ১৯৬০ সালের ১৫ই আগস্ট রিপাবলিক অফ কঙ্গো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে এই দিনেই দেশটিতে স্বাধীনতা দিবস পালিত হয়।
৩. বাহরিন: বাহরিন ১৯৭১ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। একটি বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল এই আরব দেশটি।
৪. লিচেনস্টাইন: ইউরোপের ক্ষুদ্র অথচ ধনী দেশগুলোর মধ্যে অন্যতম লিচেনস্টাইন। ১৯৪০ সালের ৫ই আগস্ট সরকার আনুষ্ঠানিকভাবে ১৫ই আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে এই দিনে দেশটিতে জাতীয় দিবস পালিত হয়ে আসছে।
এভাবেই ১৫ই আগস্ট শুধুমাত্র ভারতের স্বাধীনতা দিবস নয়, বরং বিশ্বের আরও কয়েকটি দেশের জন্য একটি বিশেষ ও ঐতিহাসিক দিন।