নাইটি পরে ভিডিও করায় আইনি নোটিস! ক্ষোভ উগরে যা বললেন স্যান্ডি সাহা

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা তাঁর ভিডিওতে বাঙালির ঘরের পোশাক ‘নাইটি’ ব্যবহার করার কারণে এবার বিতর্কের মুখে পড়েছেন। আইনজীবী সঙ্গীতা দাস স্যান্ডির এই আচরণের প্রতিবাদে আইনি নোটিস পাঠিয়েছেন বলে দাবি করেছেন। এই ঘটনা নিয়ে স্যান্ডি সাহা তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি নোটিস পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঙ্গীতা দাস বলেন, “যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাইটির ব্যবহারটা দেখাচ্ছে, আমাদের সমাজে কি নাইটির কালচার এমন? আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, বৌদিরা কি সত্যি-সত্যি এভাবে নাইটিকে ব্যবহার করে থাকেন? নিশ্চয়ই নয়। কারণ নাইটি একেবারেই বাড়ির এক পোশাক। যাঁরা সম্ভ্রান্ত তাঁরা নাইটি পরে অন্তত রাস্তায় বেরোয় না।” তিনি আরও বলেন, স্যান্ডি সাহা একজন বড় ক্রিয়েটর হয়েও নিজেকে ‘নাইটি বউদি’ হিসেবে উপস্থাপন করছেন, যা দেশের সংস্কৃতির পরিপন্থী। তাঁর দাবি, স্যান্ডিকে দেখে আরও অনেকেই এই ধরনের কাজ করছেন।
এই অভিযোগ স্যান্ডি সাহার নজরে আসার পর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, “এটার বিরুদ্ধে কি সত্যি কোনো আইনি নোটিস হয়? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন।” TV9 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্যান্ডি জানান, এখনও পর্যন্ত তাঁর কাছে কোনো আইনি নোটিস আসেনি। তিনি বলেন, “আমি জানি না উনি কোথায় পাঠিয়েছেন। আমার কাছে না পুলিশ স্টেশন থেকে কোনো ফোন এসেছে, না নোটিস এসেছে।”
স্যান্ডি সাহা আরও বলেন, “বাঙালি মা-বোনেরা বাড়িতে এই পোশাক পরে থাকেন। এটা কোনো অশালীন পোশাক নয়। ভারতে থাকি বা বাইরে গিয়ে এই পোশাক পরি, সেটা তো কোনো অপরাধ নয়। এটা আমার ব্যক্তিগত বিষয়। তার বিরুদ্ধে উনি কেন, আমার মনে হয় না কারও কিছু বলার থাকতে পারে।” স্যান্ডি মনে করেন, আইনজীবী সঙ্গীতা দাস শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজটি করেছেন। স্যান্ডি অভিযোগ করেন যে, সঙ্গীতা দাস নিজেও নাইটি পরে ভিডিও করেছেন।