রাখীর দিন ভাইয়ের মৃত্যু, সাঁকরাইলের ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের মৃত্যুতে রহস্য

হাওড়ার সাঁকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কপিল কুমার নামে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার কলেজের সুইমিং পুলে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং খুন।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, কপিল হিমাচল প্রদেশের বাসিন্দা। দেড় মাস আগে তিনি ওই কলেজে একটি ছয় মাসের মেরিন কোর্সে ভর্তি হয়েছিলেন এবং কলেজের হোস্টেলে থাকতেন। শনিবার সকালে তিনি ক্লাসেও গিয়েছিলেন।
কপিলের মৃত্যুর খবর পেয়ে হিমাচল প্রদেশ থেকে তাঁর পরিবারের সদস্যরা কলকাতায় এসে পৌঁছান। রাখী পূর্ণিমার দিন ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর বোন মনিকা। তিনি বলেন, “ভাইয়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না।” তিনি কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন।
এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
কলেজ কর্তৃপক্ষের প্রশাসনিক দায়িত্বে থাকা অনিন্দিতা চক্রবর্তী বলেন, “আমরা পুলিশকে সব ধরনের সহযোগিতা করছি। কপিল কাউকে না জানিয়ে পুলে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজসহ সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয়েছে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”