রাহুলের ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের, প্রমাণ চাইল কর্ণাটক সিইও দফতর

নির্বাচন কমিশন এবং রাহুল গান্ধীর মধ্যেকার সংঘাত এবার চরমে পৌঁছেছে। সম্প্রতি ‘ভোট চুরির’ অভিযোগ তোলার পর এবার কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সরাসরি রাহুলের কাছে তার অভিযোগের সপক্ষে নথি-প্রমাণ চেয়েছে।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে শকুন রানি নামে এক ভোটার দু’বার ভোট দিয়েছেন এবং একই ধরনের ঘটনা আরও ঘটেছে। তিনি কর্ণাটকের মহাদেবপুর বিধানসভা কেন্দ্রে সাড়ে ৬ লক্ষ ভোটারের মধ্যে ১ লক্ষকে ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করেছিলেন।
রাহুলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার কর্ণাটকের সিইও দফতর তাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তারা জানতে চেয়েছে, “কোন ভিত্তিতে আপনি শকুন রানি বা তার মতো একাধিক ভোটারের বিরুদ্ধে দু’বার করে ভোট দেওয়ার অভিযোগ তুললেন, সেই মর্মে প্রয়োজনীয় নথি-প্রমাণ প্রদান করুন। কমিশন সেই নথির ভিত্তিতে গোটা বিষয়টা তদন্ত করে যাচাই করতে চায়।”
এর আগে নির্বাচন কমিশন রাহুলের কাছে তার অভিযোগের সপক্ষে দু’দফায় হলফনামা জমা দিতে বলেছিল। কিন্তু এবার কর্ণাটকের সিইও দফতর সরাসরি নথি-প্রমাণ চেয়ে কার্যত চাপ বাড়াল।
রাহুল গান্ধী তার সাংবাদিক বৈঠকে আরও দাবি করেছিলেন যে কংগ্রেসের গোপন তদন্তে মহাদেবপুর কেন্দ্রে ১১ হাজার ভুয়ো কার্ড, ৪০ হাজার অস্তিত্বহীন ভোটার, ১০ হাজার একই ঠিকানার ভোটার এবং ৪ হাজার ছবিহীন ভোটার কার্ডের সন্ধান মিলেছে। এই সমস্ত অভিযোগের প্রমাণ এখন কমিশন তার কাছে চাইছে।