পূর্ব ভারতের প্রথম এসি লোকালের সূচনা, সুকান্তর প্রস্তাব শ্যামাপ্রসাদের নামে শিয়ালদহ স্টেশন

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন। শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাটের মধ্যে এই বিশেষ ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। এই উদ্বোধনী মঞ্চ থেকেই সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব দেন।

সুকান্ত মজুমদার বলেন, “শিয়ালদহ স্টেশন একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল। সেই উদ্বাস্তুদের জন্য এবং পশ্চিমবঙ্গ গঠনের জন্য যিনি সবথেকে বেশি পরিশ্রম করেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই স্টেশনের নামকরণ করা উচিত।” তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান, যাতে এই প্রস্তাব রেল মন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও, রেল প্রকল্পগুলির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “রাজনীতিকে নির্বাচনের পর সরিয়ে রেখে উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত।”

নতুন এসি লোকাল ট্রেনটি সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু করবে। এটি প্রতিদিন রানাঘাট থেকে সকাল ৮টা ২৯ মিনিটে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। আবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাট পৌঁছবে। ট্রেনটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদায় থামবে।

এই এসি লোকালের ভাড়া শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ৩৫ টাকা, ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত ৯০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ১২০ টাকা ধার্য করা হয়েছে। মাসিক টিকিটের ক্ষেত্রে এই ভাড়া যথাক্রমে ৬২০ টাকা থেকে ২৪৩০ টাকা পর্যন্ত।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি ১২ কোচের এই রেকে ১,১০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনটিতে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি, জিপিএস ট্র্যাকিং, টকব্যাক ব্যবস্থা এবং উন্নতমানের বাতানূকুল যন্ত্র রয়েছে। এটি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। জানা গেছে, খুব শীঘ্রই আরেকটি এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা হাওড়া শাখায় চলতে পারে।