ব়্যাবিস আক্রান্ত কুকুরের কামড়ে মৃত্যু প্যারা-অ্যাথলিটের! ওড়িশায় চাঞ্চল্য, আহত ৬ স্কুল পড়ুয়া

ওড়িশার বলাঙ্গিরে র্যাবিস আক্রান্ত কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছাত্রিয়ার (৩৩)। গত ২৩শে জুলাই এক র্যাবিস আক্রান্ত কুকুর হঠাৎ করে রাস্তায় লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছয়জনকে কামড়ায়। তাদের মধ্যে ছিলেন যোগেন্দ্র এবং আরও কয়েকজন স্কুল পড়ুয়া।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুকুরের কামড়ে আহত ছয়জনকে প্রথমে বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বুর্লায় পাঠানো হয়। সেখানে চারজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও যোগেন্দ্র ছাত্রিয়া এবং হৃষিকেশ রানা (৪৮) নামের আরেক ব্যক্তি শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্যারা-অ্যাথলিট হিসেবে পরিচিত যোগেন্দ্র ছাত্রিয়ার আকস্মিক মৃত্যুতে তার এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেশে কুকুর কামড়ানোর ঘটনা বৃদ্ধি

এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন কেন্দ্র চলতি বছরে দেশ জুড়ে কুকুর কামড়ানোর ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস.পি. সিং বাঘেল ২২শে জুলাই সংসদে জানান, ২০২৪ সালে এ পর্যন্ত ৩৭ লক্ষ ১৭ হাজারেরও বেশি কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে এবং ৫৪টি সন্দেহজনক র্যাবিসে মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। তিনি আরও বলেন, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের দায়িত্ব পৌরসভার এবং এর জন্য ‘অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম’ চালু রয়েছে।