রেকর্ড দামে গিলের জার্সি, সাড়ে পাঁচ লাখে বিকল অধিনায়কের কিট!

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের জনপ্রিয়তা আরও একবার প্রমাণিত হলো। ‘রেড ফর রুথ’ চ্যারিটির জন্য আয়োজিত এক নিলামে ভারত অধিনায়কের সই করা জার্সি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এই নিলামে বেন স্টোকস এবং জো রুটের মতো তারকা ক্রিকেটারদের জার্সিও ছিল, কিন্তু সবথেকে বেশি দাম উঠেছে গিলের জার্সির।
রেকর্ড দামে গিলের জার্সি
লর্ডসে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়েছিল। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ‘রেড ফর রুথ’ চ্যারিটিকে দেওয়া হয়। সেখানেই শুভমন গিলের জার্সি ভারতীয় মুদ্রায় ৫.৪১ লক্ষ টাকায় (প্রায় ৪,৬০০ পাউন্ড) বিক্রি হয়েছে। এই জার্সিটিকে সংস্থার ওয়েবসাইটে ‘বিরল সংগ্রহ’ বলে উল্লেখ করা হয়েছে, কারণ এটি ২-২ অমীমাংসিত থাকা একটি রুদ্ধশ্বাস সিরিজের তৃতীয় টেস্টে ব্যবহার করা হয়েছিল।
ভারতীয় ক্রিকেটারদের দাপট
শুভমন গিলের পর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে আরও দুই ভারতীয় ক্রিকেটারের জার্সি। জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজার সই করা জার্সি বিক্রি হয়েছে ৪.৯৪ লক্ষ টাকায়। এছাড়া, কে এল রাহুলের জার্সি বিক্রি হয়েছে ৪.৭০ লক্ষ টাকায় এবং গিলের ডেপুটি ঋষভ পন্তের ক্যাপ বিক্রি হয়েছে ১.৭৬ লক্ষ টাকায়।
ইংল্যান্ড শিবিরে রুট ও স্টোকস
ইংল্যান্ড দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে জো রুটের সই করা জার্সি, যার মূল্য ৪.৪৭ লক্ষ টাকা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের জার্সি বিক্রি হয়েছে ৪.৪০ লক্ষ টাকায়। তবে, সামগ্রিকভাবে নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছে চিত্রশিল্পী সাচা জাফ্রির একটি ছবি, যা বিক্রি হয়েছে প্রায় ৫.৮৮ লক্ষ টাকায় (৫,০০০ পাউন্ড)। ছবিটি ২০১৯ সালের বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের জয়ের মুহূর্তকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছিল।
‘রেড ফর রুথ’ চ্যারিটি কী?
এই চ্যারিটির আয়োজন করে থাকে ‘রুথ স্ট্রস ফাউন্ডেশন’, যা প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের প্রয়াত স্ত্রী রুথ স্ট্রসের স্মরণে গঠিত। ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে রুথ স্ট্রস মারা যান। তখন থেকে এই ফাউন্ডেশন ক্যান্সার আক্রান্ত পরিবারগুলোকে সহায়তা করে আসছে। এখন পর্যন্ত তারা সাড়ে তিন হাজারেরও বেশি ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।