ইউক্রেন যুদ্ধ সমাধানে মার্কিন-রুশ বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানাল ভারত

ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে আগামী ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠকের সিদ্ধান্তকে ভারত স্বাগত জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, “এই বৈঠকের হাত ধরে ইউক্রেন সংঘাতে ইতি টানার এবং শান্তির পথ উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন একাধিকবার বলেছেন, এটা যুদ্ধের যুগ নয়।”
এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে ইউক্রেন ইস্যুতে একাধিক অভিযোগ তুলেছেন। ট্রাম্প দাবি করেছিলেন যে ইউক্রেনের মানুষের জীবন নিয়ে নয়াদিল্লির কোনো উদ্বেগ নেই এবং রাশিয়ার থেকে তেল কিনে ভারত মস্কোর হাত শক্ত করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত ট্রাম্পকে কড়া জবাব দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে, তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না।
ট্রাম্পের অভিযোগ এবং ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এমনকি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া সফর করে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। ডোভাল রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরোভের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে জ্বালানি, প্রতিরক্ষা, সামরিক এবং অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
ভারত সরকার মনে করে, এই বৈঠক ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে জোর দিয়ে আসছেন এবং এই বৈঠককে সেই নীতিরই একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।