বাবার শেষ স্মৃতি! কাঠের নৌকা বাঁচাতে নদীতে ঝাঁপ, তলিয়ে গেলেন ‘বৃদ্ধ পুত্র’

বাবার স্মৃতি বিজড়িত একটি কাঠের নৌকা বাঁচাতে গিয়ে ইছামতীর প্রবল স্রোতে তলিয়ে গেলেন ৮১ বছর বয়সী প্রাক্তন শিক্ষক নারায়ণ সরকার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার বনগাঁ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু নগরে।

পরিবার সূত্রে জানা গেছে, নারায়ণ সরকারের বাবার দুটি নৌকা ছিল। এর মধ্যে একটি আম্পান ঝড়ের সময় ইছামতীর জলে হারিয়ে যায়। ফলে অপর নৌকাটি তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল। বয়স হলেও তিনি নিয়মিত নৌকার খোঁজখবর নিতেন। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে ইছামতীর জলস্তর অনেক বেড়ে গিয়েছিল। শনিবার সকালে নারায়ণ সরকার নৌকাটির অবস্থা দেখতে দুটি লাঠি হাতে নিয়ে নিমাই ঘাটে যান।

ঘাটে গিয়ে তিনি দেখতে পান, জলস্তর বেড়ে যাওয়ায় নৌকাটি প্রায় তলিয়ে যাচ্ছে। বাবার স্মৃতিকে রক্ষা করতে তিনি জলে নেমে নৌকাটি তোলার চেষ্টা করেন। কিন্তু বার্ধক্যের কারণে তিনি নদীর প্রবল স্রোতের সঙ্গে পেরে ওঠেননি। সাঁতার জানা সত্ত্বেও তিনি স্রোতে ভেসে যান এবং তলিয়ে যান। সেই সময় ঘাটে আশেপাশে কেউ না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। তারা নিমাই ঘাটে নারায়ণের জুতো এবং লুঙ্গি দেখতে পান। এরপর নদীতে নেমে তল্লাশি চালানো হলে তার নিথর দেহ উদ্ধার করা হয়। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং অবসর সময়ে তিনি ওই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন।