ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ পরিষেবা চালু করল মণিপাল হাসপাতাল

ক্যানসার নির্ণয় এবং চিকিৎসার খরচ নিয়ে রোগী ও তাদের পরিবারের উদ্বেগ কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়া। হাসপাতাল কর্তৃপক্ষ এখন থেকে ক্যানসার রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা করেছে। শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই নতুন পরিষেবাটির মাধ্যমে কোনো রোগী যদি অন্য কোনো চিকিৎসকের কাছ থেকে ক্যানসার নির্ণয়ের পর নিশ্চিত হতে না পারেন, তাহলে তারা কোনো খরচ ছাড়াই মণিপাল হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন।

হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক শুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, “এই পরিষেবা কেবল বেঁচে থাকার উদযাপন নয়, বরং ক্যানসার চিকিৎসায় আমাদের অগ্রগতিরও উদযাপন। ক্যানসার এখন আর এক ধরনের চিকিৎসায় সীমাবদ্ধ রোগ নয়। অঙ্গভিত্তিক অঙ্কোলজি বিশেষজ্ঞতা ও অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা থাকায় আমরা প্রতিটি রোগীর জন্য অত্যন্ত ব্যক্তিগত, নিখুঁত ও কার্যকরী চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারি।” তার মতে, সঠিক সময়ে, সঠিক চিকিৎসক দলের মাধ্যমে, সঠিক চিকিৎসা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

মণিপাল হাসপাতালের ডাইরেক্টর দিলীপ কুমার রায় বলেন, “আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা নয়, বরং রোগী ও তাদের পরিবারকে সঠিক জ্ঞান, পরামর্শ ও সহায়তা দিয়ে সচেতন ও ক্ষমতায়িত করা। বিশেষায়িত অঙ্কোলজি ইউনিট ও বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন সেবা চালু করা ক্যানসার চিকিৎসার ঘাটতি পূরণের একটি বড় পদক্ষেপ।” তিনি আরও বলেন, এই পরিষেবার মাধ্যমে রোগীরা অতিরিক্ত ভ্রমণের চাপ ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। এই উদ্যোগটি রোগীদের মানসিক চাপ কমাতে এবং সঠিক চিকিৎসা বেছে নিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।