ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন আলোচনায় বসছেন ‘ভারতের জন্যই’, দাবি ট্রাম্পের, আলাস্কায় বৈঠকের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন, যার পেছনে ভারতের উপর আরোপিত শুল্কের একটি ভূমিকা রয়েছে। সম্প্রতি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার পর ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছে। তবে এখন আমরা যুদ্ধ থামানোর খুব কাছাকাছি আছি। এটা আমার যুদ্ধ ছিল না, বাইডেনের যুদ্ধ ছিল।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে অনেক কিছুই হয়েছে যার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এটা বলছি না যে ভারতের সঙ্গে এর যোগ আছে। তবে হয়তো সেটার একটা প্রভাব ছিল…।” ট্রাম্পের এই মন্তব্যটি তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সম্প্রতি রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন।

এদিকে, বিশ্বজুড়ে সবার চোখ এখন আলাস্কার দিকে। আগামী শুক্রবার, ১৫ আগস্ট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানেই মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই বৈঠকের দিনক্ষণ এবং স্থান ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করব। শীঘ্রই আরও তথ্য জানানো হবে।”

এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো গত সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। এক দশকেরও বেশি সময় পর পুতিন আবারও আমেরিকার মাটিতে পা রাখছেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ট্রাম্পের এই পদক্ষেপ এবং ভারতের উপর শুল্ক আরোপের সঙ্গে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানের যোগসূত্র নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।