ব্রিটেনে ডেলিভারি বয়দের ধরছে পুলিশ, ২৮০ জন গ্রেপ্তার, জেনেনিন কি কারণ?

অবৈধ অভিবাসন মোকাবিলায় যুক্তরাজ্য সরকার এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে ২৮০ জন ডেলিভারি রাইডারকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে ১,৭৮০ জন ডেলিভারি রাইডারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে ২৮০ জন বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সরকারের অবৈধ অভিবাসন ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের উপর অবৈধ অভিবাসন মোকাবিলা করার জন্য চাপ বাড়ছে, বিশেষ করে ব্রেক্সিটপন্থী নেতা নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে’র জনপ্রিয়তা বৃদ্ধির কারণে। সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেছেন, সরকার নিশ্চিত করতে চায় যে সব কোম্পানি সরকারি নিয়ম মেনে চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জনের আশ্রয়-সংক্রান্ত আবেদন পুনর্বিবেচনা করা হচ্ছে। এছাড়াও, গাড়ি ধোয়ার দোকান ও রেস্তোরাঁসহ ৫১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল পেনাল্টি নোটিশ জারি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে জরিমানার সম্মুখীন হতে পারে। অভিযানে ৫৮টি ই-বাইকসহ ৭১টি যানবাহন, ৮ হাজার পাউন্ড নগদ অর্থ এবং ৪ লাখ ৬০ হাজার পাউন্ড মূল্যের অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

অবৈধভাবে কাজ করা ঠেকানোর জন্য অভিবাসন আইন প্রয়োগকারী দলকে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ডের তহবিল দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া, সম্প্রতি সরকার ডেলিভারু, উবার ইটস এবং জাস্ট ইটের মতো ডেলিভারি সংস্থাগুলোর সঙ্গে একটি নতুন চুক্তি করেছে, যার অধীনে এসব কোম্পানি অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য সরবরাহ করবে।

গত ১২ মাসে যুক্তরাজ্য থেকে ৩৫,০৫২ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। এই অভিযান অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারের দৃঢ় সংকল্পের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।