ভারতে নতুন করে ভাইরাল ১০০ বছরের পুরোনো কার্টুন, জেনেনিন এর কারণ কী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত ও চীনের বিরুদ্ধে ‘শুল্ক যুদ্ধ’ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ১০০ বছরের পুরোনো কার্টুন ভাইরাল হয়েছে। ১৯২৫ সালে আঁকা এই কার্টুনটি বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। কার্টুনটি প্রথম প্রকাশ হয়েছিল শিকাগোর সমাজবাদী সংবাদপত্র ‘ডেইলি ওয়ার্কারে’।

বব মাইনর নামের এক শিল্পী এই কার্টুনটি এঁকেছিলেন, যেখানে তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের পতন এবং ভারত, চীন ও আফ্রিকার উত্থানের পূর্বাভাস দিয়েছিলেন। কার্টুনটিতে দেখানো হয়েছে, কীভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের প্রভাব ধীরে ধীরে কমে আসবে। সম্প্রতি লিংকডইনে আর এল নারায়ণ নামের একজন ব্যক্তি কার্টুনটি পোস্ট করার পর এটি নতুন করে আলোচনায় এসেছে।

আর এল নারায়ণ তার পোস্টে লিখেছেন, “ঠিক ১০০ বছর পর, ব্রিকস জোট বিশ্বকে বিকেন্দ্রীকরণ করছে। বিশ্বের ৪০ শতাংশ মানুষ ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর বাসিন্দা এবং তাদের জিডিপি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার।” তিনি বলেন, বব মাইনরের ভবিষ্যদ্বাণী এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তিনি চানক্যর একটি উক্তিও উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, “যুদ্ধ শুরুর আগে, জয়ের দাম হিসাব করুন এবং শত্রুরা কেমন ক্ষতি করতে পারে সেটির দামও হিসাব করুন।”

নারায়ণ মনে করেন, ট্রাম্প শুল্ক আরোপ করে ভারতের বিরুদ্ধে স্বল্প মেয়াদে জয় পেলেও, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্র একটি নতুন যুগকে হারাতে পারে। এই কার্টুনটি এমন এক সময়ে ভাইরাল হলো যখন ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই কার্টুন এবং এর পেছনের ভাবনা এখন বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের নীতির সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।