‘পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই’- অভয়া ও তামান্নার প্রতিবাদ মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ মীরাতুন নাহারের

আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসক অভয়ার ধর্ষণ ও খুনের বর্ষপূর্তিতে শনিবার কলকাতায় আয়োজিত ‘কালীঘাট চলো’ অভিযানে সামিল হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মীরাতুন নাহার এবং নিহত নাবালিকা তামান্না খাতুনের মা। হাজরা মোড়ে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ থেকে তাদের ক্ষোভের সুর পৌঁছে গেছে কালীঘাট পর্যন্ত।

মীরাতুন নাহার বলেন, “সারা বছর ধরে আমি অভয়ার মুখ ভুলতে পারছি না। আজকের দিনেও মনে হচ্ছে, এই দেশে কোনো সরকার নেই, পশ্চিমবঙ্গে সরকার নেই। সরকার থাকলে অভয়াকে মরতে হতো না। শাসক দলনেত্রীর হাতেই তাকে প্রাণ দিতে হয়েছে।” তিনি অভিযোগ করেন, রাজ্যে নারী নিরাপত্তার সম্পূর্ণ অভাব রয়েছে।

এই সমাবেশে যোগ দিতে নদিয়ার কালীগঞ্জ থেকে এসেছিলেন বোমা বিস্ফোরণে নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন শেখ। তিনি বলেন, “আমার জীবন থাকতে আমি যতদিন বাঁচব, লড়াই চালিয়ে যাব। আমাকে মমতার কোনো পুলিশ আটকাতে পারবে না। এখনও ১৪ জন আসামী বাইরে ঘুরে বেড়াচ্ছে।” তিনি আরও বলেন, “এক বছর পেরিয়ে গেলেও অভয়া এবং আমার মেয়ে কেউই বিচার পায়নি। এর প্রতিবাদেই আজ আমরা পথে নেমেছি।” কলকাতায় আসার পথে তিনি সহযাত্রীদের হাতে রাখি পরিয়ে ন্যায়বিচারের বার্তা দিয়েছেন।

এই সমাবেশে যোগ দিয়েছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। তারা সকলে অভয়া ও তামান্নার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।