আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো ট্রুকলার, মাথায় হাত ব্যবহারকারীদের

অচেনা নম্বর শনাক্ত করার জন্য জনপ্রিয় অ্যাপ ট্রুকলার এবার আইফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তন আনতে চলেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে আইওএস প্ল্যাটফর্মে ট্রুকলারের কল রেকর্ডিং ফিচারটি বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ, আইফোন ব্যবহারকারীরা এই অ্যাপ দিয়ে আর কোনো কল রেকর্ড করতে পারবেন না।
কেন এই সিদ্ধান্ত?
ট্রুকলার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এখন তাদের মূল ফিচার, যেমন লাইভ কলার আইডি এবং স্বয়ংক্রিয় স্প্যাম ব্লকিং-এর ওপর বেশি মনোযোগ দিতে চায়। ট্রুকলারের আইওএস প্রধান নকুল কাবরা বলেন, এটিই ট্রুকলারের আসল শক্তি এবং কোম্পানি এই পরিষেবাগুলো আরও উন্নত করার দিকে মনোনিবেশ করবে।
এছাড়াও, এই সিদ্ধান্তের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অ্যাপলের গোপনীয়তা নীতি অত্যন্ত কঠোর এবং এটি থার্ড পার্টি অ্যাপগুলোকে সরাসরি কল রেকর্ডিংয়ের অনুমতি দেয় না। তাই ট্রুকলারকে একটি জটিল ‘মার্জড রেকর্ডিং লাইন’ পদ্ধতি ব্যবহার করতে হতো, যা অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক কঠিন ছিল।
সবচেয়ে বড় কারণ হলো অ্যাপলের নিজস্ব কল রেকর্ডিং ফিচার। আইওএস ১৮.১ আপডেটে অ্যাপল তাদের আইফোনে ইনবিল্ট কল রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন (কথাবার্তাকে লেখায় রূপান্তর) ফিচার যোগ করেছে। এর ফলে ব্যবহারকারীদের থার্ড পার্টি কোনো অ্যাপের আর প্রয়োজন হবে না। এই ইনবিল্ট ফিচারটি সরাসরি আইওএস সিস্টেমে কাজ করে, যা অনেক বেশি কার্যকর এবং নিরাপদ।
পুরোনো রেকর্ডিংয়ের কী হবে?
যারা এতদিন ট্রুকলার ব্যবহার করে কল রেকর্ড করেছেন, তাদের পুরনো রেকর্ডিংগুলো মুছে ফেলা হবে না। ট্রুকলার ব্যবহারকারীদের রেকর্ডিংগুলো ডাউনলোড করা, ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করার এবং আইক্লাউডে সংরক্ষণ করার সুবিধা দিয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য ট্রুকলার একটি হেল্প পেজও চালু করেছে, যেখানে এই পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।