স্বামীকে খুন করতে ইউটিউব দেখে কৌশল শিখলেন স্ত্রী, তেলেঙ্গানায় নৃশংস হত্যাকাণ্ড

তেলেঙ্গানার করিমনগরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা দেশ। এক নারী তার স্বামীকে হত্যার জন্য ইউটিউব থেকে পদ্ধতি শিখেছেন বলে অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় নিহত ব্যক্তির নাম সম্পথ। পুলিশ জানিয়েছে, সম্পথের স্ত্রী রামাদেবী তার প্রেমিক ও প্রেমিকের বন্ধুর সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পথ পেশায় একজন গ্রন্থাগারের ক্লিনার ছিলেন এবং রামাদেবীর সঙ্গে তার দুটি সন্তানও রয়েছে। সম্পথ অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিলেন এবং প্রায়শই মাতাল অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। সংসারের আর্থিক দিক সামলাতে রামাদেবী একটি ছোট নাস্তার দোকান চালাতেন। সেখানেই তার পরিচয় হয় ৫০ বছর বয়সী করণ রাজাইয়া নামের এক ব্যক্তির সঙ্গে এবং তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
এক পর্যায়ে রামাদেবী তার স্বামীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় রামাদেবী স্বীকার করেন যে, তিনি স্বামীকে খুন করার উপায় খুঁজতে ইউটিউবে একটি ভিডিও দেখেছিলেন। সেই ভিডিওতে কীটনাশক কানে ঢেলে একজন মানুষকে কীভাবে হত্যা করা যায়, তা দেখানো হয়েছিল। রামাদেবী তার প্রেমিক রাজাইয়ার সঙ্গে এই পরিকল্পনা ভাগ করে নেন।
পরিকল্পনা অনুযায়ী, রামাদেবী, রাজাইয়া এবং তার বন্ধু শ্রীনিবাস মিলে সম্পথকে হত্যার ছক কষেন। ঘটনার রাতে রাজাইয়া ও শ্রীনিবাস সম্পথকে বোম্মাকাল ফ্লাইওভারের কাছে ডেকে নিয়ে যান এবং তাকে অতিরিক্ত মদ পান করান। সম্পথ অচেতন হয়ে ঘুমিয়ে পড়লে রাজাইয়া তার কানে কীটনাশক ঢেলে দেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, রামাদেবী পরদিন নিজেই থানায় গিয়ে স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তবে ১ আগস্ট সম্পথের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ রামাদেবী এবং রাজাইয়ার আচরণে সন্দেহ প্রকাশ করে। তারা মৃতদেহের ময়নাতদন্তে অনাগ্রহ দেখাচ্ছিলেন। সম্পথের ছেলে পুলিশের কাছে বিস্তারিত তদন্তের অনুরোধ জানালে বিষয়টি আরও গতি পায়।
পুলিশ কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে তিন অভিযুক্তকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদের সময় রামাদেবী, রাজাইয়া এবং শ্রীনিবাস তিনজনই খুনের কথা স্বীকার করেন। বর্তমানে তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এই ঘটনা শুধু করিমনগর নয়, সারা দেশেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।