‘ময়দান ছেড়ে ভীতু-মিথ্যেবাদীরা পালিয়ে যায়…’ দিতিপ্রিয়া বিতর্কের পর মুখ খুললেন জিতু

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ব্যক্তিগত বিবাদের জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে জিতু কমল সরে যাচ্ছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, এবার সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতা জিতু জানিয়েছেন, তিনি কখনোই ধারাবাহিক ছেড়ে যাচ্ছেন না।
সম্প্রতি জিতু ও দিতিপ্রিয়ার ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর থেকেই ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। দিতিপ্রিয়া একটি দীর্ঘ পোস্টে জিতুর বিরুদ্ধে ‘মাত্রাতিরিক্ত ইয়ার্কি’র অভিযোগ এনেছিলেন, যা তার অস্বস্তির কারণ। এর পর থেকেই সিরিয়ালটি বন্ধ হয়ে যেতে পারে বলে জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনায় জল ঢাললেন অভিনেতা নিজেই।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জিতু লেখেন, “ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই।” তিনি আরও বলেন, তিনি প্রযোজক, চ্যানেল এবং সর্বোপরি দর্শকদের প্রতি দায়বদ্ধ। তিনি স্পষ্ট করে জানান, “আমার উপর যে দোষারোপ করা হয়েছে, যদিও তা মারাত্মক, সেটা আমি ব্যক্তিগতভাবে সামলাচ্ছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেব, সেই রকম মানুষ আমি নই।” জিতুর এই কথায় এটি স্পষ্ট যে, যাই ঘটুক না কেন, তিনি এই ধারাবাহিক ছেড়ে যাচ্ছেন না।
জিতু আরও বলেন যে, তিনি পেশাদার এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই পছন্দ করেন। সহ-অভিনেত্রীর সঙ্গে তার যে সমস্যা তৈরি হয়েছে, তার জন্য ধারাবাহিকের টিম কোনো সমস্যায় পড়বে না বলেও তিনি জানান।
অন্যদিকে, ধারাবাহিকের পরিচালক অমিত সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, “আমাদের শুটিং চলছে। ফ্লোরের বাইরে কী ঘটছে, তা বিন্দুবিসর্গ জানি না। এই নিয়ে কথাও বলব না। ওটা চ্যানেল জানে, প্রোডাকশন হাউস জানে।”
জিতু কমলের এই মন্তব্যের পর, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কেটেছে।