শিক্ষক নিয়োগ পরীক্ষায় কড়া পদক্ষেপ নবান্নের, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা! একনজরে জেনেনিন

আসন্ন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে নবান্ন থেকে জেলাশাসকদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, এই দুই দিনে রাজ্যজুড়ে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষার গুরুত্বের কথা মাথায় রেখে প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসনের জন্য নির্দেশাবলী:
প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক পুরো পরীক্ষার তত্ত্বাবধানে থাকবেন।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন, যাদের দায়িত্বে চলবে সার্বিক নজরদারি।
সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক, যাতে সম্পূর্ণ রেকর্ডিং রাখা যায়।
পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের শারীরিক তল্লাশি (ফ্রিস্কিং) করা হবে। কীভাবে এই ফ্রিস্কিং হবে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবে।
পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ মোবাইল ফোনসহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
ঘড়ি পরাও নিষিদ্ধ। পরীক্ষার্থীরা হাতে ঘড়ি পরে কেন্দ্রে ঢুকতে পারবেন না।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি ঘরে একটি করে ওয়াল ক্লক থাকবে।
এই নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিব নিজে জেলাশাসকদের কাছে পাঠিয়েছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন যে, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে রাজ্যের সর্বোচ্চ অগ্রাধিকার।