সমস্ত সরকারি ভবনের রং গেরুয়া করার নির্দেশ, বিজ্ঞপ্তি জারি হতেই শুরু বিতর্ক

ওড়িশা সরকার রাজ্যের সমস্ত সরকারি ভবনকে গেরুয়া রঙে রাঙানোর নির্দেশ জারি করেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নতুন বা পুরাতন, সব সরকারি ভবনের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে বলে ওড়িশার পূর্ত দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস ও বিজু জনতা দল (বিজেডি)।

গত ৩০শে জুলাই জারি করা এই বিজ্ঞপ্তিতে পূর্ত দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সঞ্জয় কুমার সিং বলেছেন, সরকারি অফিস ভবন, গ্রিল এবং অন্যান্য অংশের রং কেমন হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেও একই ধরনের একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে রাজ্যের সরকারি স্কুলগুলির ভবন গেরুয়া রঙে রাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল, যা সে সময়েও বিতর্কের জন্ম দিয়েছিল। এবার নতুন করে একই ধরনের নির্দেশিকা জারি হওয়ায় বিতর্ক আরও বেড়েছে।

এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বিজু জনতা দল (বিজেডি)-এর মুখপাত্র লেনিন মোহান্তি বলেন, “রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন বাড়ছে। সেই বিষয় থেকে জনগণের নজর ঘোরাতেই সরকার এমন নির্দেশ দিচ্ছে।” তিনি আরও বলেন, “বিজেপি ক্ষমতায় আসার পর গত ১৩ মাসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মহিলারা সুরক্ষিত নন এবং অন্তত ১৩ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এসবের দিকে নজর না দিয়ে তারা এখন সরকারি ভবনের রং পরিবর্তন করতে ব্যস্ত।”

একইভাবে কংগ্রেসও এই সিদ্ধান্তের নিন্দা করেছে। ওড়িশা কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভক্তচরণ দাস বলেন, “স্কুল, হাসপাতাল ও আদিবাসী এলাকার উন্নয়নের দিকে নজর না দিয়ে সরকার সরকারি অফিসের রং বদলে একটি গিমিক তৈরি করতে চাইছে।”

বিরোধীদের দাবি, এই ধরনের পদক্ষেপ সরকারের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নেওয়া হচ্ছে।